মোঃ মনিরুজ্জামান চৌধুরী
কালিয়া প্রতিনিধি, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী বাজার বাবুর মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে আয়োজিত এই সমাবেশে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। জনসভাকে ঘিরে পুরো চাঁচুড়ী বাজার এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নড়াইল-১ (৯৩) আসনের দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কাইসার। তিনি তার বক্তব্যে বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক সৎ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। জনগণের অধিকার, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মাওলানা ওবায়দুল্লাহ কাইসার আরও বলেন, “দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ শোষণ, দুর্নীতি ও অনিয়মের শিকার। জনগণ এখন পরিবর্তন চায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে সেই পরিবর্তনের সূচনা করতে হবে।”
জনসভায় বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে গণসংযোগ জোরদার এবং ভোটের মাঠে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হলে জামায়াতে ইসলামী জনগণের সমর্থনে বিজয় অর্জন করবে।
সমাবেশে কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ছাড়াও আশপাশের এলাকা থেকে আগত নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। মাঠ ও আশপাশের সড়কে বিপুল জনসমাগম সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।