
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ২০২৬কে ঘিরে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ১০নং পহরডাঙ্গা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। বিভিন্ন সম্ভাব্য প্রার্থীর পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনায় উঠে আসছে যুবনেতা ও ব্যবসায়ী এস এম আহসান উদ্দিন সবুজ-এর নাম। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষামূলক ও সামাজিক উদ্যোগে সহযোগিতা এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে তার ভূমিকা স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
বিশেষ করে তরুণ ভোটারদের একটি অংশের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়ছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও সামাজিক সম্প্রীতি রক্ষার বিষয়ে তার বিভিন্ন উদ্যোগ স্থানীয়দের নজর কেড়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকে মনে করেন, নতুন প্রজন্মের নেতৃত্ব হিসেবে এস এম আহসান উদ্দিন সবুজ পহরডাঙ্গা ইউনিয়নের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারেন। তার ব্যক্তিগত যোগাযোগ, সামাজিক সম্পৃক্ততা এবং জনসেবামূলক কর্মকাণ্ড তাকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তবে এখনো নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেনি এবং এস এম আহসান উদ্দিন সবুজও আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেননি। তারপরও ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে ঘিরে সমর্থক ও সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘনিয়ে এলে সম্ভাব্য প্রার্থীদের অবস্থান আরও স্পষ্ট হবে। তবে বর্তমান পরিস্থিতিতে পহরডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান পদে আলোচিত সম্ভাব্য মুখগুলোর মধ্যে এস এম আহসান উদ্দিন সবুজ অন্যতম।