
বাগেরহাটের রামপাল উপজেলার পিত্তে গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ দুইজন গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আফরোজা বেগম। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৮ জুন সকাল ৮টার দিকে পিত্তে গ্রামের নিজ বসতবাড়ির সামনে শেখ আতিয়ার রহমান, তার ছেলে রবিউল ইসলাম (রাজু), শেখ ওমর ফারুক ও রেখা বেগমসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে এসে গালিগালাজ শুরু করে।
এ সময় আফরোজা বেগমের ছেলে মো. এনামুল কবির প্রতিবাদ করলে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। অভিযোগে বলা হয়, হামলাকারীরা লোহার রড, বাঁশের লাঠি ও ইট দিয়ে এনামুল কবিরকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তার বাবা শেখ আব্দুর কাদেরকেও মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হয় এবং তার পায়ের আঙুল ও বুকের পাঁজরে আঘাত লাগে। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে রামপাল থানার ওসি বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।