
খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি গ্রামে জমি দখল ও বাড়িঘর ভাঙচুরে বাধা দেওয়ায় মোঃ জুবারুল ইসলাম নামে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার ঘুগরাকাটি গ্রামের মোঃ জুবারুল ইসলাম, পিতা- জবেদ আলী সানা এর জমি প্রতিপক্ষের লোকজন জোরপূর্বক দখল করতে যায়। এ সময় তার বাড়িঘরও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। জুবারুল ইসলাম বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহত জুবারুল ইসলাম বলেন, “আমার জমি ও বসতবাড়ি ওরা জোর করে দখল করতে চায়। বাধা দেওয়ায় আমাকে মেরে রক্তাক্ত করেছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার পরিবার নিয়ে আতঙ্কে আছি।”ভুক্তভোগী পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।