
নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াসাবাদ ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে নদীতে গোসল করতে গিয়ে স্রোতের টানে নিখোঁজ হওয়ার ১৫ঘন্টা পর চার বছরের শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে পাশ্ববর্তী আইজপাড়া এলাকায় ভাসমান অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।
পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার (৪ জুন) বিকাল আনুমানিক ৫টার দিকে মাথাভাঙ্গা গ্রামের বাসিন্দা আলী মোল্লার মেয়ে ফারজানা অপর দুজন শিশুর সঙ্গে বাড়ির পাশের নলীয়া নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর তীব্র স্রোতে ফারজানা তলিয়ে যায়। ফারজানার সঙ্গী অপর দুটি শিশু ফারজানার নিখোঁজের বিষয়টি জানালে স্থানীয় লোকজন তাকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু তার কোনো সন্ধান না পেয়ে কালিয়া ফায়ার সার্ভিসকে জানানো হয়।
কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মোঃ হুমায়ুন কবির জানান, শিশুটি নিখোঁজের সংবাদটি পেলে খুলনা থেকে ডুবুরি দল আনা হয়। ডুবুরি দলের সহায়তায় তল্লাশি চালানো হলেও শিশুটিকে পাওয়া যায়নি। এক পর্যায়ে শুক্রবার সকালে মৃতদেহটি ভেসে উঠলে স্থানীয় লোকজন উদ্ধার করে। এদিকে শিশুটির অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।