
এইচ এম সাগর (হিরামন) খুলনা :
খুলনার বটিয়াঘাটা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের বয়ারভাঙ্গা পশ্চিমপাড়া এলাকায় ভেকু (মাটিকাটা যন্ত্র) মেরামতের সময় দুর্ঘটনায় মোঃ সাগর (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাগর উপজেলার জলমা ইউনিয়নের দারোগাভিটা এলাকার মোঃ ইউনুসের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর প্রায় ১টার দিকে ওই এলাকায় মাটিকাঁটার কাজ চলছিল।
কাজের একপর্যায়ে ভেকুটি বিকল হয়ে গেলে সেটি মেরামতের উদ্যোগ নেন মিস্ত্রী সাগর। মেরামতকালে অসাবধানতাবশত তিনি ভেকুর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা এ ঘটনায় ভেঙে পড়েছেন।
এ বিষয়ে বটিয়াঘাটা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে বলে পুলিশ জানিয়েছে থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান । তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।















