নিজস্ব প্রতিবেদকঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের গজালিয়া গ্রামে শুক্রবার গভীর রাতে এক প্রভাষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রসাদ রায়ের ভাই এবং মাওলানা ভাষানী মেমোরিয়াল ডিগ্রি কলেজের প্রভাষক তাপস রায়ের বাড়িতে ৩ জন অজ্ঞাতনামা ডাকাত প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, তারা জানালার গ্রিল কেটে অথবা ছাদের সিঁড়ি দিয়ে ঘরে ঢোকে।
এ সময় বাড়িতে তাপস রায় ও তার স্ত্রী অবস্থান করছিলেন। ডাকাতরা প্রথমে তাদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন করে। পরে তারা ঘরের ট্রাংক ভেঙে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৬০ হাজার টাকা লুট করে নেয়।
ডাকাতরা চলে যাওয়ার সময় তাপস রায় ও তার স্ত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। পরে তারা কোনোভাবে নিজেদের মুক্ত করে আশপাশের লোকজনকে খবর দেন।
ভুক্তভোগী তাপস রায় বলেন, গভীর রাতে হঠাৎ কয়েকজন লোক ঘরে ঢুকে আমাদের জিম্মি করে ফেলে। তারা আমাদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে এবং অস্ত্র দেখিয়ে ভয় দেখায়। আমরা খুবই আতঙ্কিত ছিলাম। তারা ঘরের সবকিছু তছনছ করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। আমরা জীবনের নিরাপত্তা নিয়েও শঙ্কায় আছি।
১নং ওয়ার্ড ইউপি সদস্য প্রসাদ রায় বলেন, তার ভাইয়ের বাড়িতে এ ধরনের ডাকাতির ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কে জাকির হোসেন লিটু জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। তিনি দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।