মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল
নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকার বড়দিয়া থেকে যোগানিয়া পর্যন্ত সড়কের বেহাল অবস্থার কারণে এখন নতুন করে দেখা দিয়েছে ধুলোর মারাত্মক সমস্যা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের কার্পেটিং উঠে গিয়ে শুকনো মৌসুমে সামান্য যান চলাচলেই সৃষ্টি হচ্ছে ঘন ধুলোর স্তর।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়কজুড়ে ধুলোর ঝড় বইছে। রাস্তার পাশের বসতবাড়ি, দোকানপাট ও শিক্ষাপ্রতিষ্ঠান ধুলায় ঢেকে যাচ্ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়েছে।
বিশেষ করে শিশু ও বৃদ্ধরা শ্বাসকষ্ট, সর্দি-কাশি ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অনেকেই চোখ জ্বালাপোড়া ও ত্বকের সমস্যায় আক্রান্ত হচ্ছেন। চিকিৎসকদের মতে, দীর্ঘদিন ধুলাবালির সংস্পর্শে থাকলে শ্বাসতন্ত্রের জটিলতা বাড়তে পারে।
এলাকার ব্যবসায়ীরা জানান, ধুলোর কারণে ক্রেতারা দোকানে আসতে অনীহা প্রকাশ করছেন। কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও ধুলায় নষ্ট হচ্ছে। ফলে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছেন স্থানীয়রা।এ অবস্থায় এলাকাবাসীর জোর দাবি—অবিলম্বে বড়দিয়া–যোগানিয়া সড়কের টেকসই সংস্কার ও নিয়মিত পানি ছিটানোর ব্যবস্থা করা হোক। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ এখন সময়ের দাবি।