সর্বশেষ:

বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনে ব্যতিক্রমী আনন্দ উৎসব বৃদ্ধাশ্রমে

Facebook
Twitter
LinkedIn

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি:

জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে নড়াইলের একটি বৃদ্ধাশ্রমে ব্যতিক্রমী আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। নবীন-প্রবীণের মিলনমেলায় মুখর হয়ে ওঠে বৃদ্ধাশ্রম প্রাঙ্গণ।শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সদর উপজেলার গোপিকান্তপুর গ্রামে অবস্থিত ‘বেলা শেষে’ বৃদ্ধাশ্রমে এ আয়োজন করা হয়। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন-এর উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, কেক কাটা, নতুন পোশাক উপহার, উন্নতমানের খাবার পরিবেশন, খেলাধুলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক আয়োজন করা হয়।

উৎসব উপলক্ষে সাজসজ্জায় আলোকিত করা হয় বৃদ্ধাশ্রম প্রাঙ্গণ। দীর্ঘদিনের নিঃসঙ্গতা ও নীরবতা ভেঙে হাসি-আনন্দে মুখর হয়ে ওঠেন প্রবীণ বাসিন্দারা। গান পরিবেশন, বেলুন ফাটানোসহ নানা আয়োজনে অংশ নিয়ে নবীন-প্রবীণ সবাই আনন্দ ভাগাভাগি করেন।বৃদ্ধাশ্রমের বাসিন্দা আফাজ উদ্দিন ও আরতি ধরসহ অন্যান্য প্রবীণরা জানান, “ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনে আমাদের মাঝে এসে কেক কাটা, নতুন পোশাক উপহার ও উন্নতমানের খাবার দেওয়ায় আমরা খুব আনন্দিত। খেলাধুলা ও পুরস্কার বিতরণের মাধ্যমে আমাদের মনে ক্ষণিকের জন্য হলেও আনন্দের দোলা দিয়েছে। ফেলে আসা রঙিন দিনের স্মৃতিগুলো মনে ভেসে উঠেছে। এই আয়োজন আমাদের সত্যিই মুগ্ধ করেছে।”

সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন বলেন, “নির্বাচন পরবর্তী উৎসবমুখর পরিবেশে আমরা প্রবীণদের সঙ্গে সময় কাটাতে চেয়েছি। বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনে তাদের মুখে হাসি ফোটানোই ছিল আমাদের লক্ষ্য।”সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মির্জা গালিব সতেজ জানান, ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ব ভালোবাসা দিবসে এমন ব্যতিক্রমী আয়োজন করে আসছে তারা। বর্তমানে সুবিধাবঞ্চিত ও বেদে সম্প্রদায়ের শিশুদের নিয়ে কাজ করছে সংগঠনটি। পারিবারিক সহায়তা ও নিজেদের পড়ালেখার খরচ থেকে সঞ্চয় করা অর্থ দিয়ে সংগঠনের ৪৫ জন সদস্য মানবিক কার্যক্রম পরিচালনা করছেন।অনুষ্ঠানে সংগঠনের সদস্য অনিক হাসান, সৌরভ, সাকিব মোল্যা, চৈতী চক্রবর্তী, লিজা, সৈয়দ পিয়াসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।উৎসবের এই আয়োজন প্রবীণদের হৃদয়ে ভালোবাসা ও আনন্দের নতুন বার্তা পৌঁছে দিয়েছে।

Facebook
Twitter
LinkedIn

সর্বশেষ খবর

turan hossain rana