মোঃ মনিরুজ্জামান চৌধুরী
নড়াইল প্রতিনিধি:
আজ ২৬ ফেব্রুয়ারি মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান নূর মোহাম্মদ শেখ-এর ৯০তম জন্মবার্ষিকী।১৯৩৬ সালের এই দিনে নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পিতা মোহাম্মদ আমানত শেখ ও মাতা জেন্নাতুন্নেছা (মতান্তরে জেন্নাতা খানম)। শৈশবেই বাবা-মাকে হারান নূর মোহাম্মদ। পড়াশোনা করেন সপ্তম শ্রেণি পর্যন্ত, যদিও এ বিষয়ে মতভেদ রয়েছে।
১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলস (ইপিআর)-এ যোগদান করেন, যা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নামে পরিচিত। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তে দায়িত্ব পালনের পর ১৯৭০ সালের ১০ জুলাই যশোর সেক্টরে বদলি হন এবং ল্যান্স নায়েক পদে পদোন্নতি পান।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ৮ নম্বর সেক্টরে যোগ দেন। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সেক্টর কমান্ডার ছিলেন আবু ওসমান চৌধুরী, এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন এস এ মঞ্জুর। যশোরের শার্শা থানার কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন তিনি।
১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটি ও ছুটিপুর এলাকায় সম্মুখযুদ্ধে শহীদ হন নূর মোহাম্মদ শেখ। শার্শা থানার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে দেশের সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ প্রদান করা হয়।
এদিকে জন্মবার্ষিকী উপলক্ষে নূর মোহাম্মদ ট্রাস্ট ও জেলা প্রশাসনের উদ্যোগে নূর মোহাম্মদ নগরে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।