মোঃ শামীম হোসেন:-
খুলনার বটিয়াঘাটা উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বটিয়াঘাটা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লিটন। তিনি এর আগে ছাত্রদল উপজেলা শাখার সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘদিন ধরে বটিয়াঘাটা উপজেলায় ছাত্রদল ও যুবদলের নেতৃত্ব দিয়ে আসছেন আজমল হোসেন লিটন। দলীয় নেতা-কর্মীদের বক্তব্য অনুযায়ী, তিনি হাসিনা বিরোধী আন্দোলনে সম্মুখ সারির একজন সক্রিয় কর্মী হিসেবে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছেন।
তিনি বলেন, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর প্রত্যেকটি দলীয় নির্দেশনা মেনে তিনি রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। দলীয় আদর্শ ও কর্মসূচির ধারাবাহিকতা বজায় রেখে তিনি বটিয়াঘাটার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচন করার বিষয়ে আজমল হোসেন লিটন বলেন, দল ও জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই। উপজেলার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।তিনি আসন্ন বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে বটিয়াঘাটার সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সমর্থন ও আশীর্বাদ কামনা করেছেন।